গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। নয়টি ইউনিটের পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গোডাউনে মজুত থাকা কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তালহা বিন জসিম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। মোট নয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট কিংবা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালান।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর জানা যাবে।
