২৪ঘণ্টা অনলাইন : সাইবার হামলার আশঙ্কার মধ্যে এবার রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ২৫ অক্টোবর দুপুরে ওয়েবসাইট দুটিতে ঢোকার চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যায়। তবে ব্যাংক দুটি ওয়েবসাইট বন্ধের কারণ হিসেবে সাইবার হামলার কথা জানায়নি।
জনতা ব্যাংকের ওয়েবসাইটে ‘সিস্টেম মেইনটেন্যান্স’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের অ্যাপ্লিকেশনে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। শিগগিরই সেবা চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।
অন্যদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটেও রক্ষণাবেক্ষণের কারণে সেবা সাময়িকভাবে বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওয়েবসাইটের সেবা পুনরায় চালু করতে কাজ চলছে। প্রয়োজনে গ্রাহকদের ১৬৭৯৬ নম্বরে ফোন করে অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ওয়েবসাইট দুটি বন্ধ থাকায় অনলাইনে ব্যাংকগুলোর তথ্য ও ওয়েবসাইটভিত্তিক সেবা নিতে গ্রাহকেরা সমস্যায় পড়ছেন।
এর আগে সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করা হলেও রোববার সকাল ৮টা থেকে সেটি আবার চালু হয়েছে।
একই সময়ে অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে এসব ব্যাংকের ওয়েবসাইট সচল রয়েছে।
