২৪ঘণ্টা অনলাইন : কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে দেশের কৃষকদের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
২৬ অক্টোবর বিকেলে রাজধানীর তিন নেতার মাজার প্রাঙ্গণে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এনসিপির অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তি এ কর্মসূচির আয়োজন করে।
কৃষিপণ্যের দামের ব্যবধান তুলে ধরে আখতার হোসেন বলেন, পঞ্চগড়ে দুই টাকার একটি লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কৃষক কেন তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন না—এমন প্রশ্নও তোলেন তিনি।
দেশের কৃষকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলে সার সংকট, ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেট কৃষকদের দুর্ভোগ বাড়াচ্ছে।
কৃষকদের স্বার্থ রক্ষায় সার সরবরাহ নিশ্চিত করা, বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা, হিমাগার ও শস্য সংরক্ষণাগার নির্মাণ, কৃষিঋণে সহানুভূতিশীল নীতি গ্রহণ এবং সরকারি প্রণোদনা বাড়ানোর আহ্বান জানান তিনি।
শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনৈতিক আদর্শ তুলে ধরে আখতার হোসেন বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করেছেন। সাম্প্রদায়িক বিভেদ উপেক্ষা করে হিন্দু-মুসলমান কৃষকদের ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। দেশের সব রাজনৈতিক দলের শেরে বাংলার কৃষকবান্ধব আদর্শ অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন আখতার হোসেন।
এ সময় জাতীয় নেতাদের অবদান ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে তাঁদের নিয়ে আলোচনা বাড়ানোর আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, অতীতে জাতীয় নেতাদের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং বর্তমান সরকারও তাঁদের যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন, জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলাম, এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহদী ও কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
