২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমার নাম ‘গ্যাপ’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাতার দাবি অনুযায়ী বাংলাদেশের প্রথম এআই সিনেমা হিসেবে তুলে ধরা হয়েছে। এতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।
প্রথম সিনেমা, তাও আবার নতুন প্রযুক্তিনির্ভর নির্মাণে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রথম এআই সিনেমায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই সিনেমার জন্য পাঁচ দিন শুটিং করেছি। এরপর এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গল্পটিও চমৎকার। আশা করছি, দর্শকের ভালো লাগবে। বান্নাহ ভাইকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য।’
অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সিনথিয়ার। তিনি বলেন, ‘নৃত্যশিল্পী হিসেবে অভিনয়ে নিয়মিত থাকা সহজ নয়। দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে ভালো কাজের পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের ইচ্ছা রয়েছে।’এদিকে সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া। গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়া রূপে নৃত্য পরিবেশন করে প্রশংসিত হন সিনথিয়া। সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন এই শিল্পী।
একই দিনে জন্মদিন রাইমা সেন ও ঋতুপর্ণা সেনগুপ্তের। বিশেষ দিনে রাইমাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঋতুপর্ণা। ‘অনুরণন’ সিনেমার শুটিং থেকে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরে বন্ধুর প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি রাইমার জীবনে মনের মতো একজন জীবনসঙ্গী আসুক, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
শুটিং সেটে বিরোধ ও পরবর্তী পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের দাবি, সমঝোতার একাধিক উদ্যোগ এবং কারণ দর্শানোর নোটিশের পরও দুই অভিনেত্রীর কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। সালিস কমিটির সুপারিশে কার্যনির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নেয়।
রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৫৫ কোটি রুপি আয় করেছে বলে খবর। ভারতের বাজারে সিনেমাটির গ্রস আয় ৭৭ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে সবচেয়ে বেশি আয়। প্রথম দিনের হিসাবে ‘পাঠান’ ও ‘অ্যানিম্যাল’-কে ছাড়ালেও ‘জওয়ান’ ও ‘ধুরন্ধর ২’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যেই মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিষেকের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করেন ঐশ্বরিয়া। কালো শেরওয়ানি ও লাল শাড়িতে সেজে একসঙ্গে ছবি তোলেন তারা। তারকা জুটির এই উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
অভিনয়জীবনের ২৮ বছর পার করে এবার পরিচালক হওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী দীপা খন্দকার। সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই নাটক পরিচালনায় অভিষেক হতে পারে তার। সম্প্রতি এক পডকাস্টে এ আগ্রহের কথা জানান তিনি। বর্তমানে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও অভিনয় করছেন দীপা।