২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল স্থগিত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠান বন্ধের পেছনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে আয়োজক কমিটি এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, নিজেদের সিদ্ধান্তেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এতে স্থানীয় কোনো সংসদ সদস্য বা বিএনপি নেতার সম্পৃক্ততা নেই।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন রাতে শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিল ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৭ নভেম্বর ফুলপুরে একটি ইসলামী সভায় বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, নির্ধারিত দিনে মাহফিলে অংশ নেওয়ার কথা থাকলেও বিকেলেই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এ জন্য তিনি সরাসরি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে দায়ী করেন। তাঁর অভিযোগ, প্রতিমন্ত্রীর নির্দেশনায় প্রশাসনের মাধ্যমে মাহফিল বন্ধ করা হয়েছে।
এ সময় বিষয়টি নিয়ে সংসদেও কথা বলার হুঁশিয়ারি দেন আমির হামজা। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
তবে আমির হামজার অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছে মাহফিলের আয়োজক কমিটি। ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে তারা জানায়, কোনো রাজনৈতিক চাপ বা প্রশাসনিক হস্তক্ষেপে নয়, বরং নিজেদের সিদ্ধান্তেই অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা লিখিত বক্তব্যে বলেন, শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সপ্তম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসির মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণে বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
তিনি আরও জানান, ২ নভেম্বরই প্রধান আলোচক আমির হামজার ব্যক্তিগত সহকারীকে ফোন করে অনুষ্ঠান স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু ধর্মীয় আলোচনা অনুষ্ঠান ছিল না; মাদ্রাসার প্রায় ১০ থেকে ১২ হাজার সাবেক শিক্ষার্থীর পুনর্মিলনীরও আয়োজন ছিল। সংশ্লিষ্ট সবার অসুবিধার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক কমিটি স্পষ্টভাবে জানায়, মাহফিল স্থগিতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতার সম্পর্ক নেই।
এদিকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনকে জড়িয়ে দেওয়া বক্তব্যের কোনো ভিত্তি নেই। বক্তব্যটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশের জন্য আমির হামজার প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, আমির হামজার বক্তব্যের প্রতিবাদে রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে বিক্ষোভ করেছে জাসাস।
ঘটনা সম্পর্কে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মাহফিল স্থগিতের পেছনে প্রশাসন বা রাজনৈতিক কোনো পক্ষের হস্তক্ষেপ ছিল না। আয়োজক কমিটির নিজস্ব সিদ্ধান্তেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
সব মিলিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠান স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে দুই ধরনের বক্তব্য সামনে এসেছে। একদিকে আমির হামজার রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, অন্যদিকে আয়োজকদের স্বতন্ত্র সিদ্ধান্তের দাবি। ফলে মাহফিল স্থগিতের প্রকৃত কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
