বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

স্কুলে ভর্তিতে সহোদরদের ৩, যমজদের ২ শতাংশ কোটা

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০৪:১০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বেসরকারি স্কুলে ভর্তিতে বিশেষ কোটা রাখা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।

এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই অধ্যয়নরত থাকলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একইভাবে কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন আগে থেকে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে নতুন আবেদনকারীর জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। এ সুবিধা সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।

অর্থাৎ, কোনো পরিবারের একজন সন্তান আগে থেকেই একটি বিদ্যালয়ে পড়াশোনা করলে তার অন্য সন্তানদের ভর্তির আবেদনের ক্ষেত্রে এ কোটা বিবেচনা করা হবে। আবার যমজ ভাইবোনের একজন আগে থেকে ওই বিদ্যালয়ে পড়লে অন্যজনও নির্ধারিত কোটায় ভর্তির সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ কোটা পেতে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্যও ৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই শুধু কোটার জন্য আসন খালি রাখা যাবে না।

আবেদন ফরমের দাম ১১০ থেকে ২৫০ টাকা

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এমন শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের ব্যবস্থা রাখা যাবে। আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।

আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রবেশপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা

আবেদন ফরমের মূল্য ছাড়াও ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকা, জেলা শহরে দুই হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের নিয়মে পৃথক নির্দেশনা রয়েছে। ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান, মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে। ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের বাজেট জিডিপির ১.০১ শতাংশে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা হাসপাতালে শয্যা বৃদ্ধি, টিকাদান সম্প্রসারণ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। তবে ঢাকা-জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।
জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন ঘটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর এ নীতিমালা জারি করা হয়।