২৪ঘন্টা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে না পারলে সরকারকে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
১২ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে তিনি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। বুধবার দিবাগত রাত ১২টার পর এ হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাও জরুরি। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাকে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এ বিষয়ে নীরব থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও হামলার বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
তিনি লেখেন, তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি জানেন না। হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা যাবে না উল্লেখ করে তিনি জানান, প্রতিকূলতা ও আগুনের পথ পেরিয়েও নিজের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি উঠেছে।
উল্লেখ্য, হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
