বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি। ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, ভূগর্ভস্থ স্থাপনায় সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা হাসান তেহরানি মুকাদ্দামসহ সাবেক সামরিক কমান্ডারদের অবদান স্মরণ করেন তিনি।

নিষেধাজ্ঞায় থামবে না ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: আইআরজিসি প্রধান

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ০১:১৩ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: আন্তর্জাতিক চাপ, সামরিক হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি বলেছেন, কোনো ধরনের চাপই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম বন্ধ করতে পারবে না।

ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এ অবস্থান তুলে ধরেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক সদস্যদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান আইআরজিসি প্রধান।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা স্মরণ করেন আহমাদ ওয়াহিদি।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে। হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে এই কার্যক্রম থামানো সম্ভব নয়।

ওয়াহিদি আরও বলেন, শহীদ তেহরানি মুকাদ্দামের রেখে যাওয়া পথ অনুসরণ করেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে যাবে। এ অগ্রযাত্রার পেছনে রয়েছে দেশের সামরিক সদস্যদের আত্মত্যাগ, বিশ্বাস ও নিষ্ঠা।

এ সময় আইআরজিসির সাবেক মহাকাশ ও বিমান বাহিনীর দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পাশাপাশি সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজে বাহিনীর সদস্যদের মনোযোগী থাকার আহ্বান জানান।

ইরানের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মধ্যেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার বিষয়ে বারবার কঠোর অবস্থান জানাচ্ছে তেহরান।

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সামরিক উৎপাদন সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ফলে আইআরজিসি প্রধানের এই বক্তব্যকে দেশটির সামরিক কর্মসূচি অব্যাহত রাখার একটি স্পষ্ট রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মিসিসিপি প্রদেশে দীর্ঘ দিন ধরেই নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রেখেছিলেন রিপাবলিকানরা। সেখানে অল্প ব্যবধানে জিতলেও ডেমোক্র্যাটদের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই মনে করেন, আগামী এক দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বড় সাফল্য আসতে পারে। তবে ওষুধশিল্পের বিশেষজ্ঞরা বলছেন, এআই গবেষণার গতি বাড়ালেও ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফলে এক দশকে এসব রোগের অবসানের পূর্বাভাস নিয়ে তৈরি হয়েছে আশাবাদ ও সংশয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার বেশ কয়েকজন শীর্ষ নেতার অনুপস্থিতিতে চলমান জলবায়ু সম্মেলনে তেল ও গ্যাস লবির তীব্র সমালোচনা করেছেন এবং বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার’ আহ্বান জানিয়েছেন। ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর ওপর ব্যাপক চাপের মুখে চলতি সপ্তাহের শুরুতে তুরস্কে দুই সপ্তাহব্যাপী কপ৩১ আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবৈধ সোনা উত্তোলনবিরোধী অভিযানে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলা হয়েছে। এতে ডিএসপি ও এসআইসহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং কোহাট জেলা সদর টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।