রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ইরান বা হুথিদের পক্ষ থেকে নতুন উসকানি না এলে সামরিক হামলা থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০৭:৪১ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে আপাতত সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৪ নভেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির দাবি, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে কেশম দ্বীপের আকাশে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে তাদের অ্যারোস্পেস ইউনিট। পরে নতুন প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করা হয়।

ইরানের বিপ্লবী গার্ডের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি নজরদারির পাশাপাশি হামলা পরিচালনার সক্ষমতাসম্পন্ন ছিল। বাহিনীটি আরও দাবি করেছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে। সর্বশেষ ঘটনাটিকে তারা মার্কিন নজরদারি মিশনের আরেকটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।

তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ানোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় তিনি জানিয়েছেন, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে আপাতত হামলা থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর সামরিক পদক্ষেপ না নেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন ট্রাম্প। অর্থাৎ, সংঘাত বাড়ানোর পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ খুঁজছেন তিনি।

তবে যুদ্ধের চূড়ান্ত পরিণতি কী হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা। ফলে একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন দাবি, অন্যদিকে ওয়াশিংটনের সামরিক সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ১৪ নভেম্বর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ওয়াশিংটনে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এদিকে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটকে সফরের বিষয়ে অবহিত না করার খবর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। বিরোধী শিবিরের আশঙ্কা, নতুন সামরিক সংঘাত সরকার গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার মধ্যে ৭২৩টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। হামলার মধ্যে বিমান, ড্রোন, রকেট ও কামানের গোলা নিক্ষেপের ঘটনা রয়েছে। এতে ৩২১ জন হুথি যোদ্ধা হতাহত এবং ১১৭টি সামরিক যান ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সরকারি মুখপাত্র। অন্যদিকে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরাও।
হাঙ্গেরিতে সাবেক সরকারের আমলের দুর্নীতির তদন্তে খামার, গুদাম, বাড়ি ও জঙ্গল থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার করেছে দেশটির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা অফিস। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস সেজতাকের বিরুদ্ধে ঘুষ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে ১২ ও ১৩ নভেম্বর এসব অভিযান চালানো হয়। সাবেক মন্ত্রী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
তিন বছরের বেশি সময় পর ভারতের মাটিতে যাচ্ছেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নেবেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। ২০২৫ সালের সামরিক সংঘাতের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তার এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
যৌন প্রলোভনের মাধ্যমে ভারতের গোপন সামরিক তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন ও সামরিক মহড়ার তথ্য পাচার করেছেন তিনি। এমনকি অধীনস্থ পাঁচ কর্মকর্তার ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টলের ব্যবস্থাও করেছিলেন বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা ও ছবি আদান-প্রদানের তথ্য পেয়েছে পুলিশ।