রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।

বাংলাদেশ গড়তে প্রয়োজন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায়

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০৮:৩৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।

শনিবার ১৪ নভেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।

বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’

তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।

তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। বিষয়গুলো হলো— রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা। অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল— ‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’। এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের পঞ্চম চালান শনিবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছেছে। তিনটি বিশেষায়িত লরিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই জ্বালানি আনা হয়। অন্যদিকে প্রথম ইউনিটে চলছে পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি কার্যক্রম। সব পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। এ রোগ মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে শুক্রবার চার ঘণ্টার বেশি সময় দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ থাকে। এতে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ প্রত্যাহার করে এফএএ। প্রাথমিক তদন্তে সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককফেরত তিন যাত্রীর ব্যাগেজ থেকে স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, প্রসাধনী ও বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পৃথক তিনটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। ব্যাগেজ সুবিধা অনুযায়ী নির্ধারিত স্বর্ণের অংশ ছাড় দেওয়ার পর অতিরিক্ত স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশে রওনা হন চার সংসদ সদস্য। বিকেল ৩টায় বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সংসদ সদস্যের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।