সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১১:৫২ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এ তথ্য দেন। রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সবার দীর্ঘদিনের নিরলস কর্মপ্রচেষ্টার ফলেই টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি।’ মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে।

বেবিচক সূত্র জানায়, আপাতত দুটি আগমনি ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট মিলিয়ে মোট চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনাল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি টার্মিনালের অন্য কাজও চলমান থাকবে। আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে।

বেবিচক জানিয়েছে, সভায় তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা অংশ নেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে একাধিক পদে রদবদল হয়েছে। কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। বিভিন্ন পদাতিক ডিভিশনের জিওসি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিপসট, বিআইআইএসএস এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব পেয়েছেন কর্মকর্তারা। কয়েকজনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি কিছু কর্মকর্তাকে সেনাবাহিনী ও বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর উদ্যোগের মধ্যে ২০২৪ সালে যেতে না পারা কর্মীরা অগ্রাধিকার দাবি করেছেন। রোববার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে কয়েকশ কর্মপ্রত্যাশী বিক্ষোভ করেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকার পরও ১৬ হাজার ৯৭০ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এদিকে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এমবি ফার্মা সর্বোচ্চ ১০ শতাংশ লভ্যাংশ দিলেও বিডি থাই ফুড, ইন্দো-বাংলা ফার্মা ও একমি পেস্টিসাইডসের লভ্যাংশ নামমাত্র। অন্যদিকে শেয়ারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা লোকসান হওয়ায় কোনো লভ্যাংশ দেবে না বিডি থাই অ্যালুমিনিয়াম।
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে ভোরে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টা ৫৩ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।