মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস ও জাতির দায়িত্ব

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১১:১৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ড. রাজিয়া সুলতানা: আজ ১৭ নভেম্বর। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। ১৯৩৯ সালের ১৭ নভেম্বর প্রাগে নাৎসি বাহিনী চেকোস্লোভাকিয়ার শিক্ষার্থীদের ওপর নির্মম দমন-পীড়ন চালায়। কয়েক শ ছাত্রকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। নয়জন ছাত্রনেতাকে বিনা বিচারে হত্যা করা হয়। চেক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। অপরাধ তারা দখলদার শক্তির সামনে মাথা নত করতে চায়নি। এই ঘটনার স্মরণে প্রতিবছর ১৭ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। দিনটি কেবল অতীতের শোক নয়; এটি এই সত্যের স্মারক যে সংকটের মুহূর্তে শিক্ষার্থীরাই প্রায়ই জাতির বিবেকের ভূমিকা পালন করে।

বাংলাদেশের মানুষের কাছে এই সত্য নতুন কিছু নয়। আমাদের জাতিগঠনের ইতিহাস শিক্ষার্থীদের রক্তে লেখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান। একাত্তরের মুক্তিযুদ্ধ। সব আন্দোলনের চালিকা শক্তির মূলেই ছিল আমাদের দেশের টগবগে অসংখ্য তরুণের অংশগ্রহণ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, প্রতিটি বাঁকে ছাত্রসমাজ ছিল অগ্রভাগে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও সংগঠিত প্রতিরোধ রাষ্ট্রের গতিপথ বদলে দিয়েছে। প্রাগের ছাত্রদের মতো আমাদের শিক্ষার্থীরাও প্রমাণ করেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য কখনো কখনো জীবন দিয়ে দিতে হয়।

কিন্তু শুধু স্মরণ করাই যথেষ্ট নয়। প্রশ্ন হলো, যে শিক্ষার্থীরা জাতির জন্য এত কিছু দিয়েছে, জাতি তাদের কী দিয়েছে? বাস্তবতা হলো, আমাদের শিক্ষাব্যবস্থা আজও নানা সংকটে জর্জরিত। মুখস্থনির্ভর পরীক্ষা পদ্ধতি সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তাকে দমিয়ে রাখে। কোচিং-বাণিজ্য ও বৈষম্য শিক্ষাকে সবার জন্য সমান সুযোগের জায়গা থেকে সামর্থ্যবানদের পণ্যে পরিণত করেছে। উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।

ক্যাম্পাসের পরিবেশও উদ্বেগজনক। দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি। হলে হলে আধিপত্য বিস্তার। র‍্যাগিংয়ের নামে নির্যাতন এবং ভিন্নমত দমনের সংস্কৃতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার কেন্দ্র থেকে ক্ষমতার লড়াইয়ের মঞ্চে পরিণত করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। শিক্ষাঙ্গনে ভয়ের পরিবেশ থাকলে সেখানে মুক্তচিন্তা জন্মাতে পারে না।

তাই এই দিবসে জাতি হিসেবে আমাদের কয়েকটি করণীয় স্পষ্ট।

প্রথমত, রাষ্ট্রকে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। জাতীয় বাজেটে শিক্ষার হিস্যা বাড়ানো। শিক্ষকদের মর্যাদা ও প্রশিক্ষণ নিশ্চিত করা। র‌্যাগিং বাণনজ্য বন্ধ করা। পাঠ্যক্রমকে মুখস্থবিদ্যা থেকে দক্ষতা ও চিন্তাভিত্তিক শিক্ষার দিকে নেওয়া এখন সময়ের দাবি।

দ্বিতীয়ত, ক্যাম্পাসকে নিরাপদ ও গণতান্ত্রিক রাখতে হবে। ছাত্ররাজনীতি থাকবে, কিন্তু তা হতে হবে আদর্শভিত্তিক, সহিংসতামুক্ত ও শিক্ষার্থীদের কল্যাণমুখী। সন্ত্রাস ও দলীয় আধিপত্যের কোনো স্থান থাকা উচিত নয়। নিয়মিত ও স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচন এ ক্ষেত্রে অর্থবহ পদক্ষেপ হতে পারে।

তৃতীয়ত, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত ও সরকারের মধ্যে সেতুবন্ধ গড়ে ইন্টার্নশিপ, প্রযুক্তি-প্রশিক্ষণ ও উদ্যোক্তা-সহায়তা বাড়াতে হবে, যাতে ডিগ্রি হাতে নিয়ে তরুণরা অনিশ্চয়তায় না ভোগে।

চতুর্থত, শিক্ষার্থীদের কণ্ঠকে সম্মান করতে হবে। ২০২৪-এর অভ্যুত্থান আমাদের শিখিয়েছে, তরুণদের ন্যায্য দাবিকে উপেক্ষা বা দমন করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। নীতিনির্ধারণে শিক্ষার্থীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা। আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

পঞ্চমত, শিক্ষার্থীদের নিজেদেরও দায়িত্ব আছে। ত্যাগের ঐতিহ্য বহন করার অর্থ শুধু রাজপথে থাকা নয়; জ্ঞানচর্চা, সততা, সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাও সেই উত্তরাধিকারের অংশ। যে তরুণ আজ পরিবর্তনের স্বপ্ন দেখে, তাকে কাল সেই পরিবর্তনের যোগ্য নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে।

প্রাগের সেই নভেম্বরের রাতে যারা প্রাণ দিয়েছিলেন, তাঁরা চেয়েছিলেন একটি মুক্ত দেশ ও মুক্ত শিক্ষাঙ্গন। আমাদের শহীদ শিক্ষার্থীরাও চেয়েছিলেন ন্যায্য, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ একটি বাংলাদেশ।

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে আমাদের অঙ্গীকার হোক, এই স্বপ্নকে শুধু স্মৃতিসৌধে নয়, বাস্তব নীতি, নিরাপদ ক্যাম্পাস ও সুযোগের সমান পথে রূপ দেওয়া। একটি জাতির ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল, যতটা সে তার শিক্ষার্থীদের প্রতি যত্নবান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
জেলায় সবজি আবাদের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৩৫। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি। প্রতি কেজির গড় দাম ৩০ টাকা ধরে এই উৎপাদনের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।