২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরেকটি সুখবর নিয়ে এসেছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাঁকোটা দুলছে’। আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তিনি।
গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয় সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। উৎসবের শেষ দিন ১৫ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে বিশেষ স্বীকৃতি অর্জন করে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’।
ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেই আন্তর্জাতিক উৎসবে এমন স্বীকৃতি নির্মাতার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক নানা বিধিনিষেধের মধ্যে নারীদের প্রতিদিনের বাস্তবতা। একই সঙ্গে সমাজের প্রচলিত বাধা অতিক্রম করে নিজেদের মতো করে বাঁচার আকাঙ্ক্ষাও তুলে ধরা হয়েছে এতে।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্ম যৌথভাবে সিনেমাটি নির্মাণ করেছে। ছবিটির প্রযোজক মনোজ প্রামাণিক। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে।
সিনেমাটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
আন্তর্জাতিক অঙ্গনে ‘সাঁকোটা দুলছে’র যাত্রা শুরু হয় চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে। সেখানে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। ডাবলিনের এবারের স্বীকৃতিসহ মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তিনটি পুরস্কার অর্জনের সাফল্যও যুক্ত হয়েছে ছবিটির ঝুলিতে।
তরুণ নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের এমন অর্জন বিশ্ব চলচ্চিত্রের পরিসরে বাংলাদেশের সিনেমার উপস্থিতিকে আরও দৃশ্যমান করল।
