মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
এই কাঠামোর মূল উদ্দেশ্য, ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা যেন প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পায়। আইনি সহায়তাকে সহজলভ্য ও শিশুর জন্য বোধগম্য করে তোলার পাশাপাশি আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুসংবেদনশীল আচরণ ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।

আইনি জটিলতায় শিশু একা নয় সাথে ডিবিএলএ ও ইউনিসেফ

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০৩:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: আইনি জটিলতায় জড়িয়ে পড়া শিশুরা যাতে একা না পড়ে, সেজন্য জেলা পর্যায়ে বিশেষ শিশুবান্ধব ডেস্ক ও প্রশিক্ষিত আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (ডিবিএলএ) ও ইউনিসেফ বাংলাদেশ।

এই কাঠামোর মূল উদ্দেশ্য, ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা যেন প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পায়। আইনি সহায়তাকে সহজলভ্য ও শিশুর জন্য বোধগম্য করে তোলার পাশাপাশি আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুসংবেদনশীল আচরণ ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।

কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছে দুই প্রতিষ্ঠান। ইউনিসেফ দেবে কারিগরি সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা। আর ডিবিএলএ জেলাগুলোতে আইনজীবী প্যানেল ও ডেস্ক গঠন করে শিশুদের মামলা কার্যকরভাবে পরিচালনার ব্যবস্থা করবে। এর বাইরে শিশু আদালতে দায়িত্বরত বিচারকদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিবিএলএ-এর মহাপরিচালক মঞ্জুরুল হোসেন বাসস’কে জানান, আইনজীবীদের দক্ষতা বাড়ানোই এই উদ্যোগের মূল কৌশল। তাঁর ভাষায়, ‘শিশু-সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনায় দক্ষ করে তুলতে প্রতিটি জেলা থেকে কয়েকজন আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি আরও জানান, প্রথম ধাপে ছয়টি জেলায় কাজ শুরু হবে। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে ধাপে ধাপে পুরো দেশে এর পরিধি বাড়ানো হবে।

গত ২৭ অক্টোবর ডিবিএলএ ও ইউনিসেফ বাংলাদেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ওই অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।