দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
২৪ঘন্টা ডেস্ক: মঙ্গোলিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা তৈরি হয়েছে প্রেসিডেন্ট খুরেলসুক উখনার পদত্যাগের ঘোষণাকে ঘিরে। একটি সরকারি রেলপথ নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্তের স্বার্থে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট বলেছেন, তদন্তে সহযোগিতা করে নিজের সম্মান পুনরুদ্ধার করতে চান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মনতসামের বরাতে এ তথ্য জানা গেছে। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলার পর এই ঘোষণা দেন খুরেলসুক।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০১৯ সালে নেওয়া একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তি। অভিযোগ অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী খুরেলসুকের সময় প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই বডি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের কাছে চুক্তি দেওয়া হয়েছিল। সাবেক উলানবাটর মেয়র খিশগি নিয়ামবাতার অভিযোগ করেছেন, এই চুক্তির সঙ্গে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের সম্পর্ক রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
পদত্যাগের ঘোষণা দিয়ে খুরেলসুক বলেন, সত্য উদ্ঘাটনের জন্য বিরোধী দল তাঁর দায়িত্ব ছাড়ার দাবি জানিয়েছে। তিনি সেই দাবির সঙ্গে একমত হয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হোক এবং নিজের সম্মান ফিরিয়ে আনতে চান বলেও জানান তিনি।
২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া খুরেলসুক অভিযোগগুলোকে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন। তবে তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শুধু প্রেসিডেন্ট নন, সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন উপ-আইন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মন্ত্রিসভা সচিবালয়ের প্রধান।
মঙ্গোলিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। বিরোধী দল দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি এবং সরকারি চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তবে প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা এখনো চূড়ান্ত নয়। দেশটির সংবিধান অনুযায়ী, ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদন প্রয়োজন। সংসদ সম্মতি দিলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় তাঁর দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই ঘটনা মঙ্গোলিয়ার ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিভাজন এবং সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্কেরও প্রতিফলন। এখন নজর সংসদের সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগের তদন্তের দিকে।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে সামরিক কৌশল পরিবর্তন করেছে সৌদি-সমর্থিত জোট। জোটের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সরিয়ে নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল ফায়াদ আল-রুয়াইলিকে। একই সময়ে বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থান থেকে সেনা সরিয়ে ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করছে জোট বাহিনী। এদিকে লোহিত সাগরের উপকূলীয় নিয়ন্ত্রণ নিয়ে হুথি ও সরকারি বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীতে রয়েছে ৬০টির বেশি যুদ্ধবিমান এবং পাঁচ হাজারের বেশি কর্মী। উপসাগরীয় যুদ্ধ, ইরাক যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে রণতরীটির। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালির অচলাবস্থার মধ্যে এর উপস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে।
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।