২৪ঘন্টা অনলাইন: সুন্দরবনের গহিন বনে লুকিয়ে রাখা অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দাবি, বনদস্যুদের একটি দল ডাকাতির প্রস্তুতি হিসেবে বনের ভেতরে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লুকিয়ে রাখা অস্ত্রের সন্ধান পাওয়া যায়।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে অস্ত্রের মজুত থাকার তথ্য পায় কোস্ট গার্ড। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার এবং একনলা বন্দুকের চারটি পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট পাওয়া যায়।
অভিযানের সময় অস্ত্রের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি। তবে অস্ত্র মজুতের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সুন্দরবন ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করার বিষয়ে তারা আশাবাদী।
