২৪ঘণ্টা অনলাইন : কোমলতা ও নম্র ব্যবহার হচ্ছে সর্বজনীন নৈতিক আদর্শ। যা সবাই পছন্দ করে। যার সর্বোচ্চ ও সর্বাঙ্গীণ ব্যাখ্যা এসেছে আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন থেকে। ইসলাম নম্রতাকে শুধু প্রশংসিত চরিত্র হিসেবেই দেখেনি; বরং এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের অন্যতম মাধ্যম বলেও ঘোষণা করেছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গড়ে তুলেছিলেন এমন একটি উম্মত, যারা শক্তিতে নয়, বরং নম্রতায় নিজেদের মহান পরিচয় প্রকাশ করত।এমন প্রেক্ষাপটে তিনি তাঁর প্রিয় সহধর্মিণী আয়িশাহ রাদিয়াল্লাহু আনহাকে একটি গভীর সত্য শিক্ষা দিয়েছিলেন—যে শিক্ষা আজও প্রাসঙ্গিক, হৃদয়স্পর্শী এবং সমাজগঠনের ভিত্তিমূল-
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لاَ يُعْطِي عَلَى الْعُنْفِ وَمَا لاَ يُعْطِي عَلَى مَا سِوَاهُ " .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়িশাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়িশাহ্! আল্লাহ তা’আলা নম্র ব্যবহারকারী। তিনি নম্রতা পছন্দ করেন।
তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না; আর অন্য কোনো কিছুর দরুনও তা দান করেন না। (সহিহ মুসলিমو হাদিস : ২৫৯৩)
সংক্ষিপ্ত ব্যাখ্যা
এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চরিত্রে নম্রতার গুরুত্বকে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছেন। এখানে তিনটি মূল শিক্ষা পাওয়া যায়—
১. আল্লাহ নিজেই নম্রতা পছন্দ করেন
নম্রতা শুধু সামাজিক সৌজন্য নয়; এটি মহান আল্লাহর মহাপ্রিয় চরিত্র। যে বান্দা কোমল, শান্ত ও নম্র আচরণ করে, সে আসলে আল্লাহর প্রিয় গুণের অনুকরণ করে।
তাই নম্রতা একজন মুমিনের ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করে।
২. নম্রতা বরকতের দ্বার খুলে দেয়
হাদিসে বলা হয়েছে, আল্লাহ নম্রতার মাধ্যমে এমন কিছু দান করেন— যা কঠোরতা, রাগ বা অহংকারের মাধ্যমে কখনো অর্জন করা যায় না। ব্যবহার নম্র হলে মানুষ হৃদয় দিয়ে সাড়া দেয়, আন্তরিকভাবে সহযোগিতা করে এবং দ্বীনের দাওয়াত সহজেই গ্রহণ করে। দুনিয়ার সম্পর্কেও এতে প্রশান্তি ও সহজতা আসে।
৩. কঠোরতা কল্যাণ নষ্ট করে
রূঢ়তা সাধারণত বিরোধ, বৈরিতা ও অন্তর্দাহ সৃষ্টি করে।
কঠোর আচরণে সাময়িক শক্তি প্রদর্শিত হলেও দীর্ঘমেয়াদে অনৈতিকতা, বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের জন্ম হয়। তাই কঠোরতা আল্লাহর অনুগ্রহ বঞ্চিত হওয়ার কারণ হতে পারে।
আজকের সমাজের প্রেক্ষাপটে শিক্ষা
আধুনিক সমাজ অস্থিরতার ভারে ন্যুব্জ— রাজনৈতিক ভাষায় রূঢ়তা, পারিবারিক সম্পর্কে তীব্রতা, এবং সাধারণ আচার-আচরণে কঠোরতা ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় এই হাদিস যেন উম্মতের প্রতি করুণাময় এক নির্দেশ— “নম্রতা গ্রহণ করো; এতে মানুষের হৃদয়ও জুড়ায়, আল্লাহর রহমতের দ্বারও খুলে যায়” আচরণে কোমলতা শুধু একটি ব্যক্তিগত গুণ নয়; এটি একটি সামগ্রিক ইসলামী মানসিকতা— যা পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তির ভিত্তি স্থাপন করতে পারে।
কঠোরতা মানুষের হৃদয়কে সংকুচিত করে, আর নম্রতা হৃদয়কে প্রসারিত করে দেয়—মানুষের অন্তরে ভালবাসা, শান্তি ও আস্থার বীজ বপন করে। যে সমাজ নম্রতার চর্চা করে, সেখানে দুর্বলরা নিরাপদ থাকে, শক্তিশালীরা সংযত হয়, আর নৈতিকতার বন্ধন আরো দৃঢ় হয়।
