শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শনিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে জ্বালানি তেল সরবরাহ

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৮:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জ্বালানি তেল সংগ্রহের জন্য পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে ২৮ মার্চ থেকেই সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। ২৭ মার্চ এক বার্তায় সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমানে পেট্রলপাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত।

গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।’ তিনি আরও সতর্ক করে বলেন, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জানান, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ২৮ মার্চ থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানিয়েছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন