২৪ঘণ্টা অনলাইন : তারকাদের পর্দার জীবন দেখতে-দেখতে বাস্তবটাকেও আমরা ততটাই রঙিন ভেবে ফেলি। তাঁদের ছেলেবেলা যে আমাদের মতোই নিখাদ ও সাধারণ হতে পারে সে কথা ভুলতে বসেন অনুরাগীরা। সম্প্রতি নিজের ছোটবেলার কথা প্রকাশ্যে ভাগ করে নিলেন মিস্টার পারফেকশনিস্ট। আমির খানের ছেলেবেলা কেটেছে রক্ষণশীল পরিবারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানান, ছোটবেলা থেকেই তিনি সিনেমার চেয়ে বই পড়তে বেশি ভালোবাসতেন। ছোটবেলায় বাড়িতে সিনেমা দেখার উপর অনেক নিয়মকানুন ছিল তাঁর। বিশেষ করে রোম্যান্টিক সিনেমা দেখার অনুমতি ছিল না। তবে মাঝে মাঝে শনিবার ও রবিবার দূরদর্শনে পুরোনো সাদা-কালো সিনেমা দেখতেন তিনি। সেই সময়ের অভিনেতা অশোক কুমার ও দিলীপ কুমারের অনেক সিনেমা তিনি দেখেছেন। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমাও দেখতেন।
আমির আরও বলেন, ১৮ বছর বয়সে তিনি ফিল্মমেকিংয়ের সঙ্গে যুক্ত হন এবং সহকারী হিসেবে কাজ শুরু করেন। মজা করে তিনি বলেন, ‘কেউ ফুটবল খেলে, কেউ ফুটবল দেখে। আমি সিনেমা বানাই, কিন্তু খুব কম সিনেমা দেখি।’ তিনি স্বীকার করেন যে তিনি নতুন হিন্দি বা হলিউড সিনেমা খুব একটা দেখা হয় না। নিজের কাজ ও নিজের জগৎ নিয়েই তিনি বেশি ব্যস্ত থাকেন। আমির খানের এই খোলামেলা স্বীকারোক্তি শুনে অনেকেই অবাক। কারণ ভারতীয় সিনেমার অন্যতম বড় এবং প্রভাবশালী অভিনেতা হয়েও তিনি সিনেমা খুব কম দেখেন— এটা অনেকের কাছেই বিস্ময়ের।
লক্ষণীয় আমির খানের প্রযোজনায় তৈরি নতুন ছবি ‘এক দিন’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অভিনয় করেছেন আমিরের ছেলে জুনেইদ খান ও অভিনেত্রী সাই পল্লবী। ছবিটি একটি রোম্যান্টিক ড্রামা এবং ২০১৬ সালের একটি থাই ছবির রিমেক। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এ ছাড়াও আমিরের আর একটি প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’ মুক্তি পেতে চলেছে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবির গল্প ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে তৈরি। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজ়মি, করণ দেওল, আলি ফজ়ল ও অভিমন্যু সিং। ছবিটি আগামী ১৩ অগস্ট মুক্তি পাবে। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান।
