শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চা শ্রমিকদের ভেতরের গল্প দেখাবে ‘চা গরম’

প্রকাশিত - ০৭ এপ্রিল, ২০২৬   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার আর জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘চা গরম’। আসছে পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে চলচ্চিত্রটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। 

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, সাধারণত নাটক-সিনেমায় চা-বাগানকে শুধু সুন্দর প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা হয়। তবে ‘চা গরম’-এ সেই প্রথা ভেঙে শ্রমিকদের যাপিত জীবনের ভেতরকার গল্প ও কঠিন বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।চিত্রনাট্যকার সাইফুল্লাহ রিয়াদের এই গল্পটি ফুটিয়ে তুলতে নির্মাতা বেশ কিছুদিন চা-বাগানে অবস্থান করে শ্রমিকদের জীবন পর্যবেক্ষণ করেছেন।

অভিনেত্রী সাফা কবির এই চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, পরিচালক শঙ্খ দাশগুপ্ত সব সময় ভিন্নধর্মী গল্প বলেন। এই চিত্রনাট্যটি অত্যন্ত শক্তিশালী এবং সমাজের এমন একটি দিক এতে উঠে এসেছে, যা আমাদের খুব কাছে থাকলেও সচরাচর দেখা হয় না। অভিনেতা পার্থ শেখও জানান, এমন ব্যতিক্রমী গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা ছিল।

অন্যদিকে, অভিনেত্রী সারাহ জাবিন অদিতির মতে, চা-বাগানের জীবনের রূঢ় বাস্তবতাগুলো এই ফিল্মে অত্যন্ত সাবলীলভাবে চিত্রিত হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, শ্রমিকদের অধিকার ও জীবনমান নিয়ে তৈরি এই কাজ দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন