শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রথম জেলা সফর

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ১১:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। ২০ এপ্রিল সকাল ১০টার দিকে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

দিনব্যাপী এই সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা সংবলিত ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। পরে দুপুরের দিকে শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যান প্রধানমন্ত্রী। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনের কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন