২৪ঘণ্টা অনলাইন : ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রবিবার ৩ মে। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব। এবার থাকছে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ আয়োজনও। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়। বিএনপি সরকারের এটিই প্রথম ডিসি সম্মেলন। সম্মেলন শেষ হবে বুধবার ৬ মে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি।
সম্মেলনের উদ্বোধনের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা ও সমাপনী অধিবেশন ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এ ছাড়া এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে জেলা প্রশাসকরা সাক্ষাৎ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
