শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১০:৪৪ এএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। 

এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  

হজ বুলেটিন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সর্বমোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। তারা মোট ৫২টি ফ্লাইটের মাধ্যমে ২১,৩০১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটের মাধ্যমে ১৫ হাজার ৪২৫ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে গেছে ৮,২২৯ জন হজযাত্রীকে।

চলমান হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৭ জন হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের সবাই পুরুষ। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালী মেট্রো থানার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেছেন। 

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

হজ পালন শেষে হজযাত্রীদের দেশে ফেরার জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে। জেদ্দা থেকে শুরু হওয়া এই ফিরতি কার্যক্রম চলবে পুরো জুন মাস জুড়ে। আগামী ৩০ জুন বছরের শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন