শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বিড়াল-কুকুর মন্তব্যে ভাইরাল অদিতি

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ০৪:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও অভিনেতা সিদ্ধার্থ দম্পতির রসায়ন সব সময়ই অনুরাগী মহলে চর্চিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই দম্পতির ব্যক্তিগত জীবনের এক মজার তথ্য। অভিনেত্রী নিজেকে বিড়ালের মতো মনে করলেও স্বামী সিদ্ধার্থের চোখে তিনি যেন ‘গোল্ডেন রিট্রিভার’। 

অদিতি বিড়াল ভীষণ পছন্দ করেন। তার বাড়িতে ইগি ও অলি নামের দুটি পার্সিয়ান বিড়ালও রয়েছে। যাদের নিজের সন্তানের মতো স্নেহ করেন এই অভিনেত্রী। এমনকি কাজের জন্য বাইরে গেলে তাদের ছেড়ে যাওয়ার অপরাধবোধও কাজ করে তার মধ্যে। অভিনেত্রী মনে করেন তার ব্যক্তিত্ব এবং চেহারার ধরণ অনেকটা বিড়ালের সঙ্গেই মেলে। তবে স্ত্রীর এই ধারণার সঙ্গে একদমই একমত নন স্বামী সিদ্ধার্থ।

সিদ্ধার্থের মতে, অদিতির স্বভাব বিড়ালের মতো গম্ভীর নয়, বরং তিনি অনেকটা গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরের মতো। কারণ হিসেবে অভিনেতা জানান, অদিতিকে সবসময় বিনোদনের মধ্যে রাখতে হয় বা সময় দিতে হয়, যা এই প্রজাতির কুকুরের চারিত্রিক বৈশিষ্ট্য। তবে স্বামীর এমন মজার মন্তব্যের পরও বিড়ালের প্রতি অদিতির ভালোবাসা একটুও কমেনি।

অদিতির ভাষ্য অনুযায়ী, বিড়ালের ভালোবাসা অর্জন করে নিতে হয়। তারা কখনোই অযাচিতভাবে কাউকে বিরক্ত করে না। বিড়ালের এই আত্মমর্যাদাবোধ এবং নিজস্ব সত্তার বিষয়গুলো তাকে মুগ্ধ করে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে বলেও মনে করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন