শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বনানীতে পিস্তল-ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০১:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগাজিন ও ইয়াবাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম। ১৩ মে রাতে বনানী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

১৪ মে সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত ওই অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলেও তথ্য রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন