শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ১২:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়।  

মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো হাসপাতাল জুড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে। 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে অনেকে তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দিয়ে পড়ে। কয়েকজন রোগী এবং নার্সকে উদ্ধারের সময় ফায়ার সার্ভিস কর্মীরা আহত হয়। আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন