শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে রাতেই শিশুটির বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে রাতে সরকারপ্রধান পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান।

রাজধানীর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের (৭) বাসায় রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী সেখানে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষেই তিনি সরাসরি শিশু রামিসার বাসায় যান। এর আগে  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার অভিযুক্ত ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন