রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৩০ বছর পরে অভিনয়ে মীনাক্ষী

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে যাঁদের নাম ছিল সাফল্যের শীর্ষে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মীনাক্ষী শেষাদ্রী। একের পর এক হিট ছবিতে অভিনয় করে তিনি খুব অল্প সময়ের মধ্যেই প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। জনপ্রিয়তার পাশাপাশি পারিশ্রমিকের নিরিখেও সে সময় অনেক অভিনেত্রীকে পিছনে ফেলেছিলেন তিনি।

ঘায়েল ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষী নাকি মীনাক্ষীর প্রেমে পড়ে যান। শোনা যায়, তিনি অভিনেত্রীকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি মীনাক্ষী। অন্য দিকে, গায়ক কুমার সানুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও একসময় বিস্তর চর্চা হয়েছিল। এমনকি কুমার শানুর দাম্পত্য ভাঙনের সময় তাঁর প্রাক্তন স্ত্রী প্রকাশ্যে মীনাক্ষীর নামও টেনেছিলেন।

তবে ক্যারিয়ারের মধ্যগগনেই আচমকা বলিউড থেকে দূরে সরে যান অভিনেত্রী। ‘ঘাতক’ ছবির সাফল্যের পরই যেন ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। ১৯৯৫ সালে হরিশ মাইসোরকে বিয়ে করে তিনি স্থায়ী ভাবে আমেরিকায় পাড়ি দেন। তারপর প্রায় তিন দশক কেটে গিয়েছে। এখন আবার মুম্বইয়ে ফিরেছেন মীনাক্ষী। আর সেই সঙ্গে অভিনয়ে ফেরার ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি।

কিছু বছর আগে যেমন কাজের অভাবের কথা খোলাখুলি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন নীনা গুপ্তা। তেমনই এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন মীনাক্ষী। যদিও তাঁর ক্ষেত্রে আর্থিক সমস্যার প্রশ্ন নেই। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এমন কাজ খুঁজছেন যা অভিনয়শিল্পী হিসেবে তাঁকে নতুন করে ভাবাবে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেবে। শুধু মুখ্য চরিত্র হলেই হবে না, চরিত্রের ভিত থাকতে হবে— এমনটাই তাঁর মত।

মীনাক্ষী আরও জানিয়েছেন, তিনি কোনও ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যুক্ত নন। নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টও নিজেই সামলান। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছা দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। এমনকি তাঁর একসময়ের সহ-অভিনেতা জ্যাকি শ্রফও প্রকাশ্যে জানিয়েছেন, সুযোগ পেলে আবার মীনাক্ষীর সঙ্গে কাজ করতে চান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন