শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কৃষিতে কার্বন প্রযুক্তি হতে পারে টেকসই কৃষির ভিত্তি

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ০৯:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে ‘কার্বন স্মার্ট কৃষি’ বা কৃষিতে কার্বন প্রযুক্তি।আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিতে কার্বন নিঃসরণ কমিয়ে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব। যা কার্বন স্মার্ট কৃষি নামে পরিচিত।

কার্বন স্মার্ট কৃষির মাধ্যমে কম কার্বন নির্গমন, অধিক উৎপাদন এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মধ্যে সমন্বয় করা হয়। এতে স্প্রে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ওয়েদার ফোরকাস্টিং এবং আইওটি-ভিত্তিক স্মার্ট মাটি বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত কৃষি ব্যবস্থায় অতিরিক্ত সার, কীটনাশক, সেচ ও জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পায়। কার্বন স্মার্ট কৃষি এসব নির্গমন কমিয়ে পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে সহায়তা করে। কৃষিতে স্প্রে ড্রোন প্রযুক্তি ইতোমধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে বড় এলাকায় নির্ভুলভাবে সার ও কীটনাশক স্প্রে করা সম্ভব হচ্ছে। এতে রাসায়নিকের অপচয় কমছে, কৃষকের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাচ্ছে এবং উৎপাদন ব্যয়ও কমছে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক কৃষি সেবা কৃষকদের তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। ফসলের ছবি বিশ্লেষণ করে রোগ শনাক্তকরণ, সার ব্যবস্থাপনা এবং ফসল পরিচর্যার বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে। ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কমছে অপ্রয়োজনীয় রাসায়নিক ব্যবহার। আবহাওয়ার পূর্বাভাস প্রযুক্তিও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃষ্টি, খরা, ঝড় বা বন্যার সম্ভাবনা সম্পর্কে আগাম তথ্য পেয়ে কৃষকরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারছেন। এতে ফসলের ক্ষয়ক্ষতি কমছে এবং সেচ ও কীটনাশক ব্যবহারে সাশ্রয় হচ্ছে।

কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে কার্বন স্মার্ট কৃষির প্রসার ঘটানো গেলে কৃষি খাত আরও আধুনিক, লাভজনক এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্প্রে ড্রোন, এআই এবং আবহাওয়াভিত্তিক কৃষি ব্যবস্থাপনার সমন্বিত ব্যবহারই হতে পারে ভবিষ্যতের টেকসই কৃষির ভিত্তি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন