২৪ঘণ্টা অনলাইন: বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পর্ক এবং জীবনদর্শনও প্রায়ই আলোচনায় আসে। সম্প্রতি বিয়ে ও প্রেমের অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন এ অভিনেত্রী। তবে এবার আর বিয়ে নিয়ে ভানছেন না।
গত বছরের বাঁধন বলেছিলেন, পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো কাউকে পেলে বিয়ের বিষয়টি নিয়ে ভাববেন বলেও তিনি জানান। তবে যার সঙ্গে বিয়ের বিষয়ে কথাবার্তা এগোচ্ছিল, তিনি আর সম্পর্কটি এগিয়ে নেননি। মজার ছলে বাঁধন বলেন, ‘আমি মজা করেই বলতে চাই, তিনি ভেগে গেছেন। আসলে কেন এগোলেন না, সেটা আমি বলতে পারব না। মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।’
বাঁধনের মতে, নতুন করে যার সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছিল, তিনি তাদের পরিবারের পরিচিত ছিলেন এবং ছেলের পরিবারের সদস্যরাও বাঁধনকে পছন্দ করতেন। কিন্তু পারিবারিক আলোচনা এগোলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি আর বিয়ের দিকে গড়ায়নি। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেই জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, বিনোদন অঙ্গনের বাইরের একজন মানুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু পরে সেটি ভেঙে যায়। এই সম্পর্ককে জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাঁধন। বাঁধন বলেন, ‘বিয়ের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর যে মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, পরে বুঝেছি সেটা আমার জীবনের ভুল সিদ্ধান্তগুলোর একটি ছিল। এখন মনে হয়, সম্পর্কটা ভেঙে যাওয়াই ভালো হয়েছে। বড় ধরনের একটি ভুল থেকে বেঁচে গেছি।’
অভিনয়ে বাঁধন সবচেয়ে বেশি আলোচনায় আসেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমে তিনি কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সর্বশেষ ঈদে বনলতা এক্সপ্রেস সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন। এবার ঈদে তার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি।
