২৪ঘণ্টা অনলাইন: মশক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই মশা দমনের কার্যকর উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে একটি সফর প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর অর্থায়নে এ সফর আয়োজনের পরিকল্পনা ছিল।
প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশা নিয়ন্ত্রণের কৌশল জানতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব অভিজ্ঞতা থেকেই এ বিষয়ে কার্যকর সমাধান বের করা সম্ভব।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় উল্লেখ করা হয়, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যে কোনো এলাকায় সন্ধ্যার পর ডোবা বা জলাবদ্ধ স্থানের পাশে কিছু সময় কাটালেই মশার প্রকৃতি ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া সম্ভব।”
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বিজয়ী হন। পরে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেন শাহাদাত হোসেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিম চৌধুরীর নির্বাচন বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন। একই বছরের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর এ মন্তব্য ও সফর বাতিলের সিদ্ধান্ত প্রশাসনিক মহলে আলোচনা তৈরি করেছে। অনেকেই এটিকে সরকারি ব্যয় সাশ্রয় ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার প্রতি গুরুত্বারোপের বার্তা হিসেবে দেখছেন।
