শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার: কৃষি ও জনস্বাস্থ্যের জন্য সতর্কবার্তা

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৯:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশে কৃষিতে উদ্বেগজনক হারে বাড়ছে কীটনাশকের ব্যবহার। গত পাঁচ বছরে এর ব্যবহার বেড়েছে প্রায় ৮১ দশমিক ৫ শতাংশ। বর্তমানে বছরে প্রায় ৪০ হাজার টন কীটনাশক ব্যবহৃত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। তবে ব্যবহৃত কীটনাশকের একটি বড় অংশ নিম্নমানের ও ভেজাল হওয়ায় কৃষি, পরিবেশ এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে দেশে কীটনাশক ব্যবহারের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার টন। গত পাঁচ দশকে তা প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের কীটনাশক ব্যবহারের কারণে কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলন মিলছে না। বরং মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ, পাখি এবং কৃষির জন্য উপকারী বিভিন্ন পোকামাকড়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া নদী-নালা ও জলাশয়ে রাসায়নিক পদার্থ মিশে জলজ প্রাণীর স্বাভাবিক জীবনচক্র ও প্রজননে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, কৃষিতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব কৃষি এবং বায়ো-পেস্টিসাইডের ব্যবহার বাড়ানো গেলে কীটনাশকের ওপর নির্ভরতা কমবে। এতে কৃষি উৎপাদন টেকসই হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন