শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৭ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ১০:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের রাতের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন সিদ্ধান্তের ফলে উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কোনো ট্রেন সংযোজন না করেই বিদ্যমান পরিচালনা ব্যবস্থার আওতায় অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এ জন্য প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অফিস শেষে অনেক যাত্রী শেষ ট্রেন ধরতে হিমশিম খান। সময় বাড়ানো হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। বর্তমানে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এই লাইনের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন