২৪ঘণ্টা অনলাইন: ২৪ঘণ্টা অনলাইন : ফুটবলের সর্বোচ্চ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উন্মাদনা, তখন বাংলাদেশের জন্য এসেছে গর্বের এক খবর। বিশ্বকাপের ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণী ফারজিন গনি।
কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে তিনি সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহন, খেলোয়াড়দের মাঠে প্রবেশের আনুষ্ঠানিকতা এবং আয়োজনে সহায়তার কাজ করবেন তিনি।
ফারজিনের মা রোজানা নাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের এই অর্জনের খবর শেয়ার করে জানান, বিশ্বব্যাপী প্রায় ৩০ লাখ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ৩ হাজার ভলান্টিয়ারের একজন হয়েছেন ফারজিন। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তার এই সুযোগ পাওয়াকে তিনি গর্বের অর্জন হিসেবে উল্লেখ করেন।
দায়িত্ব পালনের উদ্দেশ্যে গত ২ জুন ঢাকা থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা হয়েছেন ফারজিন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনাও কামনা করেছেন পরিবার।
ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার বিভিন্ন দায়িত্বে কাজ করবেন। স্টেডিয়াম পরিচালনা, দর্শকসেবা, টিকিট ব্যবস্থাপনা এবং মিডিয়া সহায়তাসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাদের সম্পৃক্ত রাখা হবে। নির্বাচিত ভলান্টিয়ারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হচ্ছে।
আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি আন্তর্জাতিক আয়োজনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ভলান্টিয়াররা। আর সেই মহাযজ্ঞে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি।
