২৪ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। ৩ জুন রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি জানান, আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর বুধবার সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে সেগুলো যাচাই-বাছাই শেষে রাত ১০টা ১০ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, মুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন সাবেক এই মেয়র।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
