শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ববির বাসায় ৮৫ লাখ টাকার চুরি, গ্রেপ্তার ৩

প্রকাশিত - ০৫ জুন, ২০২৬   ০৫:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চলচ্চিত্রের নতুন ছবি ‘তছনছ’ নিয়ে আলোচনায় থাকলেও ব্যক্তিগত জীবনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান ঘড়ি নিয়ে গেছে।

জানা গেছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকারও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল ববির প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত স্বর্ণালংকার, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের আবেগ ও স্মৃতি।

ঘটনার পর গত ২৭ মে কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ফারুক নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে চুরির বিষয়টি প্রকাশ করেন ববি। তিনি বলেন, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিত ও সংঘবদ্ধ অপরাধচক্রের কাজ।

ববি লিখেছেন, “ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দুই দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেওয়া প্রায় ৩৫ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়।”

তিনি আরও বলেন, “শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।”

অভিনেত্রী জানান, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। তবে অধিকাংশ মালামাল এখনও উদ্ধার হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ববি বলেন, বাকি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দ্রুত উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা করছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন