২৪ঘণ্টা অনলাইন : সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেসলে বাংলাদেশ পিএলসি’র কারখানা পরিদর্শন করেছে।
গত ১ জুন অনুষ্ঠিত এ সফরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেংলি এবং দেশটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরিদর্শনকালে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেসলে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিধিদল কারখানার বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষভাবে ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের মান, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করে।
সফর শেষে প্রতিনিধিদল উল্লেখ করেন, শ্রীপুরের এই কারখানাটি এমন একটি সফল উদাহরণ, যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মান বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নেসলে বাংলাদেশের ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ উদ্যোগের আওতায় পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব উদ্যোগ বর্তমানে ২০ হাজারেরও বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করছে।
সফরকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি উৎসাহিত করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
