২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দেশের চলচ্চিত্র অঙ্গন ও অভিনয় থেকে অনেকটাই দূরে থাকলেও সম্প্রতি তার পরিচালিত একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ছবিটির নাম ‘বিচ্ছেদ বেদনা’।
যদিও এটি নতুন কোনো প্রকল্প নয়। প্রায় পাঁচ বছর আগে, করোনাকালীন সময়ে ছবিটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছিল। বিশেষ বিষয় হলো, ছবিটি পরিচালনা করেছেন স্বয়ং মৌসুমী। ফলে দীর্ঘ বিরতির পর পরিচালক হিসেবে আবারও দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, নীরবে-নিভৃতে ছবিটির কাজ সম্পন্ন করা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে ছবিটির অনাপত্তি সনদ (এনওসি) নেওয়ার পর এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রযোজক আবদুর রহমান আগামী মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ‘বিচ্ছেদ বেদনা’ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মৌসুমী। তবে তার স্বামী অভিনেতা ওমর সানী ছবিটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাকালে ছবির অধিকাংশ কাজ শেষ হয়েছিল এবং পরে প্রযোজক বাকি কাজ সম্পন্ন করেন।
ছবিতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা ফেরদৌসের উপস্থিতিও ছবিটি নিয়ে কৌতূহল বাড়িয়েছে।
উল্লেখ্য, পরিচালক হিসেবে মৌসুমীর সর্বশেষ চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রায় এক দশক পর তার পরিচালিত নতুন ছবি মুক্তির অপেক্ষায় থাকায় চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহও বাড়ছে।
