২৪ঘণ্টা অনলাইন: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন কিছু ছবির মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি, যেখানে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়ি ও জমকালো গয়নায় সজ্জিত দেখা যায়।
ছবিগুলোতে অপুকে বেশ আভিজাত্যপূর্ণ ও উৎসবমুখর লুকে দেখা গেছে। শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজের সঙ্গে মানানসই গয়না তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। অনেকেই ছবিগুলোকে বিয়ের সাজের সঙ্গে তুলনা করেছেন।
ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।” তার এই বার্তাকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
অভিনেত্রী জানান, তার পরিধেয় শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠানের সংগ্রহ থেকে নেওয়া। ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। অনেকে তার সৌন্দর্য, স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে।
তবে সাম্প্রতিক সময়ে শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে আলোচিত বিষয়ও টেনে এনেছেন কিছু নেটিজেন। সম্প্রতি বুবলী কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গ ধরে কেউ কেউ অপু বিশ্বাসের পোস্টেও নানা মন্তব্য করছেন।
উল্লেখ্য, অপু বিশ্বাস ও শাকিব খানের সংসারে রয়েছে একমাত্র পুত্র আব্রাম খান জয়। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে অভিনয়ের চেয়ে বিভিন্ন প্রচারণামূলক ও সামাজিক কর্মকাণ্ডেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী।
