শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

টিউমারের চিকিৎসায় লন্ডনে ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত - ০৬ জুন, ২০২৬   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

অভিনেতার ঘনিষ্ঠজন এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, চিকিৎসা চললেও এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি দেখা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা আগের তুলনায় খুব বেশি পরিবর্তিত হয়নি।

তিনি জানান, ইতোমধ্যে কয়েক ধাপের থেরাপি সম্পন্ন করেছেন অভিনেতা। বর্তমানে আরেকটি থেরাপি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করবেন এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন।

লিটন এরশাদ আরও বলেন, ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারলেও কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সম্প্রতি পরিবারের সঙ্গে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ধারণা করেছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তবে বাস্তবে তার চিকিৎসা এখনও চলমান।

উল্লেখ্য, গত বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক জটিলতা ধরা পড়ে। দেশে কয়েক মাস চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের টিউমারের একটি বড় অংশ অপসারণ করা হয়। এরপর থেকে নিয়মিত থেরাপি ও চিকিৎসা গ্রহণ করছেন এই বরেণ্য অভিনেতা।

বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি শিল্পীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছেন তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা।টিউমারের চিকিৎসায় লন্ডনে ইলিয়াস কাঞ্চন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন