২৪ঘণ্টা অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ৭ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে শুরু হওয়া এ অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল।
দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা ও রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের কারণে এবারের বাজেট অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে।
