২৪ঘণ্টা অনলাইন: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত শিল্পী মেহরাব নতুন গান ‘ভালোবাসতে কি ভয় হয়’ নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। দীর্ঘ বিরতির পর প্রকাশ হতে যাওয়া গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন মেহরাব নিজে। সংগীতায়োজন করেছেন আদিব কবির। প্রেম, অভিমান ও সম্পর্কের আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি মেহরাবও ভিডিওতে উপস্থিত থাকবেন।
নতুন গান প্রসঙ্গে মেহরাব বলেন, ভালোবাসা মানুষের জীবনের অন্যতম সুন্দর অনুভূতি হলেও কখনো কখনো তা নানা প্রশ্নের জন্ম দেয়। সেই আবেগ ও অনুভূতির প্রতিফলনই তুলে ধরা হয়েছে ‘ভালোবাসতে কি ভয় হয়’ গানে।
আগামী ১১ জুন ধ্রুব মিউজিক স্টেশন–এর ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। একই সঙ্গে বিভিন্ন দেশি-বিদেশি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি উন্মুক্ত করা হবে।
