২৪ঘণ্টা অনলাইন: দেশে গ্রীষ্ম ও সেচ মৌসুমে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। তবে বর্তমান পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ৭ জুন জাতীয় সংসদে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বিদ্যুতের সামগ্রিক ঘাটতি না থাকলেও গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময়ে প্রাথমিক জ্বালানির সংকট, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
তিনি আরও জানান, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়ন, জ্বালানি বহুমুখীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি সাশ্রয়ের জন্য গ্রাহক সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে লিফলেট, এসএমএস ও ভিডিও প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
