শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভূটানের কাছে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ

প্রকাশিত - ০৮ জুন, ২০২৬   ০৯:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ টি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহরের কাছাকাছি। মাটির গভীরে সৃষ্ট এই কম্পনের প্রভাব বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

বাংলাদেশে বিশেষ করে রংপুর বিভাগ, সিলেট ও ঠাকুরগাঁও অঞ্চলে ভূমিকম্পের কম্পন বেশি অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাসা-বাড়ি ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় দরজা-জানালা, খাট-বিছানা ও আসবাবপত্র কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। একইভাবে সিলেট নগরের জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, সুবিদবাজার, উপশহর, টিলাগড় ও শাহপরানসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রংপুর বিভাগে ভূমিকম্পের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে পোস্ট দেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ কিংবা প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন