২৪ঘণ্টা অনলাইন: তারকাখ্যাতির ঝলমলে জীবন বাইরে থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে তা সবসময় ততটা সহজ নয়। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান মনে করেন, বিনোদন জগতের অধিকাংশ শিল্পীই এক ধরনের নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করেন, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাজীবনের মানসিক চাপ ও একাকীত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। বরুণের দাবি, বিনোদন অঙ্গনের প্রায় ৯০ শতাংশ অভিনেতাই কোনো না কোনোভাবে একাকীত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
অভিনেতার ভাষায়, ক্যারিয়ারের শুরুতেই তিনি এই বাস্তবতা উপলব্ধি করেছিলেন। তাই পর্দা ও ব্যক্তিগত জীবনে আলাদা কোনো চরিত্র বা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি করার পথে হাঁটেননি।
বরুণ বলেন, “আমি শুরু থেকেই যেমন ছিলাম, এখনো তেমনই আছি। ক্যামেরার সামনে যে বরুণ, ক্যামেরার পেছনেও সে একই মানুষ। আলাদা কোনো মুখোশ পরার চেষ্টা করি না। কারণ দুই ধরনের ব্যক্তিত্ব নিয়ে চললে তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”
তিনি আরও বলেন, “আমি ভান করতে পারি না। অভিনয় করতে করতে যে কৃত্রিম জগৎ তৈরি হয়, সেটা একসময় ভেঙে পড়বেই। তাই আমি সবসময় নিজের মতো থাকার চেষ্টা করি।”
সোশ্যাল মিডিয়ার যুগে খোলামেলা কথা বলার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন বরুণ। তিনি বলেন, “আমার পুরোনো সাক্ষাৎকারগুলো দেখলে বুঝবেন, আমি সবসময় স্পষ্ট কথা বলেছি। এখন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়ার ভয়ে সাবধানে কথা বলেন। কিন্তু সত্য কথা বললে সবচেয়ে বেশি কী হবে? মানুষ হয়তো আপনাকে বয়কট করবে।”
আলোচনার এক পর্যায়ে সালমান খানের একটি ভাইরাল রাতের পোস্টের প্রসঙ্গও টানেন বরুণ। তিনি জানান, পোস্টটি দেখে তার মনে হয়েছিল, সালমান খান যেন নিজের ভাবনার এক ভিন্ন জগতে ডুবে আছেন।
বরুণের এই মন্তব্য বলিউড তারকাদের জীবনের অদেখা মানসিক বাস্তবতা ও একাকীত্বের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।
