২৪ঘণ্টা অনলাইন: মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএসদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রী (সমমর্যাদাসহ) এবং উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের মূল বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপে ২২ হাজার টাকা মূল বেতন পেতেন। তবে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণের সুযোগ ছিল।
অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নতুন নির্ধারিত বেতনের সঙ্গে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা তারা পাবেন।
এছাড়া এসব কর্মকর্তা পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩১ মার্চ এপিএসদের বেতন-গ্রেড নির্ধারণ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগ স্পষ্ট করেছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী যদি সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এপিএস নিয়োগ দেন, তাহলে তারা এই নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন না। তাদের ক্ষেত্রে সরকারি চাকরির বিদ্যমান বেতন-ভাতা কাঠামোই কার্যকর থাকবে।
