২৪ঘন্টা অনলাইন: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’ সফলভাবে শেষ হওয়ায় আয়োজিত সাকসেস পার্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। নাটকে ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাওয়া এই অভিনেত্রী বলেন, নাটকটির সাফল্য তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেয়া পায়েল বলেন, “এই চরিত্রটি আজীবন মনে রাখার মতো। এখন কোথাও গেলে কাজটি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। নিজের মধ্যে গর্ব অনুভব করি যে, আমি একটি ভালো কাজের অংশ হতে পেরেছি।”
নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এমন সুন্দর একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা তার জন্য বিশেষ অর্জন।
দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে কেয়া বলেন, “নাটকের প্রতিটি পর্ব মানুষের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কেউ হেসেছেন, কেউ আবেগাপ্লুত হয়েছেন। এমনকি যারা নতুন বিয়ে করেছেন, তারাও আমাদের দেখে রোমান্টিক হয়ে গেছেন।”
পর্দার সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে নিজের রসায়ন নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। কেয়ার ভাষায়, “মানুষ আমাদের জুটিটিকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। একজন শিল্পী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!”
নাটকের শুটিংয়ের স্মৃতিচারণ করে তিনি জানান, পুরো টিমের সঙ্গে কাটানো সময়গুলো এখন খুব মিস করেন। দর্শকদের ভালোবাসা ও আগ্রহই নাটকটির সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন এই অভিনেত্রী।
