২৪ঘন্টা অনলাইন:বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে দর্শকদের সামনে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত হয়েছে সিনেমাটির রিমেক, যা আগামী দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান। তিনি জানিয়েছেন, প্রায় তিন মাস আগে শুটিং শেষ হয়েছে এবং ইতোমধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।
রিমেক নির্মাণের অভিজ্ঞতা প্রসঙ্গে কামরুজ্জামান বলেন, “এ ধরনের একটি জনপ্রিয় ছবি নতুন করে নির্মাণ করা বড় চ্যালেঞ্জের বিষয়। বর্তমান সময়ের দর্শক ও প্রেক্ষাপট বিবেচনায় রেখে আমরা কাজটি করেছি। বাকি মূল্যায়ন দর্শকরাই করবেন।”
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা বাসু চ্যাটার্জি। সে সময় সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।
এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
এটি আরিয়ান সারোয়ারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও প্রথমবারের মতো তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “শুটিংয়ের আগে আমি মূল ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইয়ের অভিনয় থেকে অনুপ্রেরণা নিয়েছি, তবে অনুকরণ করিনি। নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে ‘হঠাৎ বৃষ্টি’ এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। মূল ছবিটি প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
দীর্ঘ ২৭ বছর পর প্রিয় একটি প্রেমের গল্প নতুন প্রজন্মের দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।
