শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত

প্রকাশিত - ০৮ জুন, ২০২৬   ১০:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সোমবার (৮ জুন) বিকেল থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে।স্থানীয়রা জানান, উপকূলীয় এলাকার নদ-নদীর পানি এখনও স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা (বজ্রমেঘ) সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাগর উত্তাল হতে থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস।রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকার বাসিন্দারা জানান, দুপুরের পর থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা গেছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, সঞ্চারণশীল মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

এদিকে নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বিকাল তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই পটুয়াখালী নদীবন্দরকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...