২৪ঘন্টা অনলাইন: বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়কে ঘিরে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। মাত্র ৯ দিনের ব্যবধানে বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া এবং সর্বশেষ বরিশাল নগরে এসব ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় পেট্রল বা পেট্রলমিশ্রিত কাপড় ব্যবহার করে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ ১৮ নভেম্বর ভোরে বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ভোর সাড়ে ৪টার দিকে ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ব্যাংকের কোনো সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম। ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ব্যাংকের নিচে আগুন দেওয়া হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না। বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বলেন, এ ঘটনায় তাঁদের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
এর মাত্র দুই দিন আগে, সোমবার (১৬ নভেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিনের ভাষ্য অনুযায়ী, পেট্রলমিশ্রিত কাপড় দিয়ে কার্যালয়ের দ্বিতীয় তলার প্রবেশফটক ও নামফলকে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দা আবদুস সোবাহান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুন প্রায় নিভে গেছে। আগুন কার্যালয়ের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে ৯ নভেম্বর দিবাগত রাতে বরগুনার আমতলী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের সামনের বারান্দা ও মূল ফটকের কলাপসিবল গেটের ভেতরের অংশ পুড়ে যায়।
বরিশাল নগরের সিএন্ডবি এলাকার ভবনটিতে গ্রামীণ ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। নিচতলায় রয়েছে এরিয়া অফিস, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল অফিস এবং চতুর্থ তলায় চলে ব্যাংকের অডিট কার্যক্রম।
পরপর তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ব্যাংকটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে একই বিভাগের তিন জেলায় অল্প সময়ের ব্যবধানে এমন ঘটনা ঘটায় এর পেছনে কোনো পরিকল্পিত যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
